টানা তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তেজাবি স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর করা হয়েছে।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এর আগে, গত ৬ নভেম্বর প্রথম দফায় এবং ১১ নভেম্বর দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। তারও আগে গত ২, ৪ ও ৫ নভেম্বর টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার দাম মোট ১২ হাজার ৭২ টাকা বেড়েছিল।
এদিকে, স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।