চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সবশেষ তথ্য অনুযায়ী, জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ২ দশমিক ৪৪ শতাংশ কমলেও আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে ১০ দশমিক ৫৩, ১১ দশমিক ৭১ ও ১০ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যে মাসিক গড় পোশাক রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার। এ সময়ে রপ্তানি আয় গত অর্থবছরে দেশটিতে মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্যে বাংলাদেশের মোট পোশাক রপ্তানি আয় ছিল ৪৩৯ কোটি ডলার। একক দেশ হিসেবে বাংলাদেশের পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার যুক্তরাজ্য।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সিইও মহিউদ্দিন রুবেল বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম সুবিধা শুল্কমুক্ত প্রবেশাধিকার। ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে এ সুবিধা পাচ্ছে।
তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ সুবিধার আওতায় আসবে। এ ক্ষেত্রে আমদানি করা কাপড় দিয়ে বাংলাদেশে তৈরি পোশাকও নির্দিষ্ট ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ শর্ত পূরণ করে যুক্তরাজ্যে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।
মহিউদ্দিন রুবেলের মতে, এ সুবিধা কাজে লাগিয়ে সুতি পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের ও কৃত্রিম তন্তুভিত্তিক পোশাকের উৎপাদন ও রপ্তানি বাড়ানো সম্ভব। এতে পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়বে।