চীনের বাণিজ্য উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ায় চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। একই সময়ে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা ও আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দা সামাল দিতে বিদেশি বাজারের ওপর চীনের নির্ভরতাও বাড়ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে রপ্তানি বৃদ্ধির হার ছিল ৩৬ দশমিক ৩ শতাংশ। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা অক্টোবরে রপ্তানি ৩৩ দশমিক ৫ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিলেন। বাস্তবে সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে রপ্তানি প্রবৃদ্ধি।

চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত চীনের বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার কোটি ডলারে। টানা দ্বিতীয় বছরের মতো দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ লাখ কোটি ডলারের সীমা ছাড়াল। গত বছরের তুলনায় এবার এক মাস আগেই এই মাইলফলক অর্জন করেছে চীন।

বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণের প্রতিযোগিতা চীনের উচ্চপ্রযুক্তির পণ্যের চাহিদা বাড়িয়েছে। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশটির সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পণ্যের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১১ দশমিক ১ শতাংশ বেড়েছে। একই সময়ে উচ্চপ্রযুক্তির পণ্যের সামগ্রিক রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে, গত অক্টোবরে চীনের আমদানি বেড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে আমদানি বৃদ্ধির হার ছিল ৩১ শতাংশ। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা অক্টোবরে আমদানি ৩২ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। অর্থাৎ আমদানির ক্ষেত্রেও পূর্বাভাস ছাড়িয়ে গেছে চীন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত অক্টোবরে সামান্য কমে ৩২৭ কোটি ১০ লাখ ডলারে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এই পরিমাণ ছিল ৩৪০ কোটি ১০ লাখ ডলার। তবে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য নিয়ে বিরোধ এখনো বড় উদ্বেগের বিষয়।

চীনের ক্রমবর্ধমান বাণিজ্য উদ্বৃত্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গেও নতুন করে বাণিজ্য উত্তেজনা বাড়াতে পারে। সম্প্রতি চীন থেকে ইউরোপীয় ইউনিয়নে হাইব্রিড গাড়ি রপ্তানি সীমিত করার বিষয়ে বেইজিংয়ের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে ইউরোপীয় নেতারা। তবে এসব বিধিনিষেধ এখনো কার্যকর হয়নি। ফলে বিধিনিষেধ কার্যকরের আগে চীনা কারখানাগুলো ইউরোপে পণ্য পাঠানোর পরিমাণ বাড়াতে পারে।

চীনের বৈশ্বিক বাজারে উপস্থিতি বাড়তে থাকায় ২০২৭ সালেও দেশটির ওপর অতিরিক্ত শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের ঝুঁকি থাকবে বলে সতর্ক করেছেন ট্রিভিয়াম চায়নার প্রধান সামষ্টিক অর্থনীতিবিদ জো পেইসেল।

এদিকে আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা। চলতি বছর এটি হবে তাদের তৃতীয় বৈঠক। ফলে দুই দেশের বাণিজ্য সম্পর্ক ও শুল্কনীতি আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এরই মধ্যে সোমবার বেইজিং ও ওয়াশিংটন দুই মাসের জন্য তাদের বাণিজ্যযুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার পরিমাণ বাড়ানোর বিষয়ে চীন জানিয়েছে, তা নির্ভর করবে দুই দেশের মধ্যে সম্মত পারস্পরিক শুল্ক কমানোর ব্যবস্থা বাস্তবায়নের ওপর।

অভ্যন্তরীণ চাহিদায় দুর্বলতা

চীনের অর্থনীতির জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশটির অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের ব্যয় করার অনীহা। আবাসন খাতের দীর্ঘস্থায়ী মন্দায় মানুষের সম্পদের মূল্য কমেছে এবং অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ফলে দেশের ভেতরে পণ্যের চাহিদা দুর্বল রয়েছে।

অভ্যন্তরীণ বাজারে চাহিদা কম থাকায় চীনা গাড়ি নির্মাতারা বিদেশি বাজারের দিকে ঝুঁকছেন। অক্টোবরে দেশটির গাড়ি রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি বজায় থাকলেও অভ্যন্তরীণ বাজারে গাড়ি বিক্রি টানা ১২ মাসের মতো কমেছে বলে জানিয়েছে দেশটির একটি শিল্প সংগঠন।

তবে রপ্তানির ওপর অতিরিক্ত নির্ভরতা চীনকে বৈশ্বিক চাহিদা কমে যাওয়ার ঝুঁকিতে ফেলছে। এআই খাতে বিনিয়োগের বর্তমান প্রবণতা কমে গেলে চীনের প্রযুক্তিপণ্যের রপ্তানি প্রবৃদ্ধিও ধীর হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

আইএনজির বৃহত্তর চীন অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ লিন সং বলেন, গত বছরের তুলনায় ভিত্তিগত প্রভাবের কারণে আগামী বছর চীনের বাণিজ্য প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে। তবে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে অস্থিরতা থাকলেও আগামী কয়েক মাস এআই-সংশ্লিষ্ট পণ্যের বাণিজ্য শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এএইচএ
আরও পড়ুন