দীর্ঘ ২৪ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বন্দরনগরী চট্টগ্রামে আবারও বসছে প্রাণের বাণিজ্য মেলা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) আজ শুক্রবার (২০ নভেম্বর) পর্দা তুলছে।
নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মেলার শুভ সূচনা করবেন।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। দীর্ঘ বিরতির পর মেলা ফেরায় বন্দরনগরীর সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে বইছে উচ্ছ্বাসের আমেজ।
১৯৯৩ সাল থেকে ধারাবাহিকভাবে এই বাণিজ্য মেলা আয়োজন করে আসছে চট্টগ্রাম চেম্বার। এবারের আসরে দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
মেলা প্রাঙ্গণে থাকছে ২০টি প্যাভিলিয়ন, ২১৬টি স্টল এবং একটি বিশেষ অ্যাসোসিয়েট কান্ট্রি জোন। পণ্য প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।
ভারত, চীন, থাইল্যান্ড ও পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি এবং উদ্যোক্তারা মেলায় অংশ নিচ্ছেন। বিভিন্ন স্টলে তাদের আকর্ষণীয় ও মানসম্মত পণ্য সাজিয়ে রাখবেন তারা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি মাত্র ৩০ টাকা।