সেমস-গ্লোবাল ইউএসএর আয়োজনে আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক ‘টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স-২০২৬’। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বাণিজ্যমেলা প্রাঙ্গণ) ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আয়োজন।
প্রদর্শনীতে একইসঙ্গে অনুষ্ঠিত হবে ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো-২০২৬ এবং ৫৩তম ডাই কেম বাংলাদেশ-২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম।
তিনি বলেন, প্রদর্শনীতে গার্মেন্টস ও টেক্সটাইল মেশিনারি, ইয়ার্ন, ফেব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে। এতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি কোম্পানি অংশ নেবে। প্রদর্শনীতে ২ হাজার ২৪৫টির বেশি বুথ ও প্যাভিলিয়ন থাকবে। ব্যবসায়িক দর্শনার্থীর সংখ্যা ১৬ হাজার ছাড়াবে বলে আশা করছি।
মেহেরুন এন ইসলাম বলেন, টেক্সটাইল সিরিজ বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অন্যতম বড় আন্তর্জাতিক বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) প্ল্যাটফর্ম। এর মাধ্যমে দেশি-বিদেশি ক্রেতা ও সরবরাহকারীরা সরাসরি যোগাযোগের সুযোগ পাবেন।
তিনি বলেন, গত ২৫ বছরে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পে প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থা, উৎপাদনশীলতা, পশ্চাদমুখী সংযোগ এবং টেকসই উৎপাদনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারায় টেক্সটাইল সিরিজ আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ও বাংলাদেশের উৎপাদন খাতের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করেছে।
প্রদর্শনীর পাশাপাশি চারটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এসব সেমিনারে টেক্সটাইল শিল্পের সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন, টেকসই উৎপাদন এবং বৈশ্বিক শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এবারের আয়োজনে বিশেষ সংযোজন হিসেবে থাকবে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। সেখানে ইআরপি, অটোমেশন, ক্লাউড সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি ও ডিজিটাল মেশিনারিজসহ আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হবে বলে জানান আয়োজকরা।
তারা আরও জানান, প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এর মাধ্যমে নতুন প্রযুক্তি ও কাঁচামাল সংগ্রহ, সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ, ব্যবসায়িক নেটওয়ার্ক তৈরি এবং আন্তর্জাতিক অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস উপস্থিত ছিলেন।
বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
চেয়ারম্যানের নামে বক্তব্য প্রচারে বিএসইসির সতর্কবার্তা