শেয়ারবাজারে বড় দরপতন, কমেছে লেনদেন

দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৫৪০ পয়েন্টের নিচে নেমে গেছে। দিনজুড়ে বিক্রির চাপের মধ্যে সূচকটি ৫৪ পয়েন্টের বেশি হারিয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। বাজারে দাম বাড়ার তুলনায় কমেছে প্রায় সাড়ে চার গুণ বেশি প্রতিষ্ঠানের।

বুধবার (২৫ নভেম্বর) দিনের লেনদেন শেষে ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ৫৮৮ দশমিক শূন্য ২ পয়েন্ট। বাজারসংশ্লিষ্টদের মতে, সূচকের গুরুত্বপূর্ণ প্রতিরোধক অবস্থানে বাধা পাওয়া, অধিকাংশ শেয়ারের দরপতন এবং বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার লেনদেনের শুরুতে ডিএসইএক্স ৫ হাজার ৬১৬ পয়েন্টে উঠে যায়। তবে সেপ্টেম্বরের শেষ দিকের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি গিয়ে সূচকটি আবারও নিম্নমুখী হয়। দিন শেষে প্রায় সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি গিয়ে লেনদেন শেষ করে। এদিন ডিএসইতে ৯১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৪ দশমিক ৭ শতাংশ। তবে গত ২০ কার্যদিবসের গড় লেনদেন ৭৩৫ কোটি টাকার চেয়ে বেশি ছিল।

বাজারের সার্বিক চিত্রও ছিল নেতিবাচক। দিনটিতে ডিএসইতে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৭৬টির। আর অপরিবর্তিত ছিল ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর। বড় মূলধনি কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক কমেছে ১৭ দশমিক ২৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ।

বাজারে দরপতনের পেছনে বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির চাপও ছিল। বুধবার বিদেশি বিনিয়োগকারীরা নিট ৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। সাম্প্রতিক কয়েকটি লেনদেন দিবসের মধ্যে এটি অন্যতম বড় নিট বিক্রির ঘটনা। বাজার বিশ্লেষণে আরও দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডিএসইএক্স সূচক ১৩ দশমিক ৭ শতাংশ বেড়ে রয়েছে। তবে জুলাইয়ে ৫ হাজার ৯২৬ পয়েন্টে ওঠার পর থেকে সূচকটির উচ্চ অবস্থান ক্রমাগত নিচের দিকে নেমেছে। বুধবারের লেনদেনে সূচকটি ৫ হাজার ৬০০ পয়েন্টের প্রতিরোধক অবস্থান অতিক্রম করতে ব্যর্থ হয়েছে।

সামনের দিনগুলোতে সূচকের জন্য ৫ হাজার ৫০০ পয়েন্টকে গুরুত্বপূর্ণ সমর্থন হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকেরা। এই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হলে পরবর্তী সমর্থন হতে পারে ৫ হাজার ৪৪০ থেকে ৫ হাজার ৪৬০ পয়েন্টের মধ্যে। অন্যদিকে সূচকটি ৫ হাজার ৬৪০ পয়েন্টের ওপরে অবস্থান নিয়ে লেনদেন শেষ করতে পারলে সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে পারে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১২০টির দাম কমেছে এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএএসপিআই কমেছে ১০৫ দশমিক ৭৯ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ টাকা।