সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। এতে ডিএসইতে প্রধান মূল্যসূচক কমলেও বেড়েছে অন্য দুই সূচক। আর সিএসইতে সবকটি সূচক বেড়েছে। প্রধান সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। তবে লেনদেনের শেষদিকে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। এতে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে ১৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। আর ৯১টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ১১৮টির দাম কমেছে এবং ১৪টি দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৩৪টির দাম কমেছে এবং ৪টি দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৯টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৪টির এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ৫টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ১৯টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯৯ কোটি ১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৫৮ কোটি ৬৫ লাখ টাকা।
শেয়ারবাজার সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭২টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৮টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৮৩টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৫ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা।
মহেশখালীতে স্থাপন হচ্ছে নতুন এলএনজি টার্মিনাল
রাজধানীতে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী শুরু
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী