টানা ৯ দিনের ছুটিতে ব্যাংক

ঈদের আগে আজ শেষ লেনদেন

আসন্ন ঈদুল ফিতরের জন্য ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল টানা ৯ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ পোশাকশিল্প এলাকার কিছু ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই ছুটি শেষে ব্যাংক খুলবে ৬ এপ্রিল রোববার। তবে ছুটিতে এটিএম বুথ, অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। 

সূত্র জানায়, আগে ঈদুল ফিতরের ছুটি থাকত সাধারণত তিনদিন। এবার তা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। এতে আগে-পিছে দুই দফা সাপ্তাহিক ছুটি পড়ায় ঈদের ছুটির তালিকা লম্বা হয়েছে।

ঈদের আগে আজ শেষ ব্যাংকিং লেনদেন হওয়ায় ব্যাংকগুলোয় বেশ ভিড় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকাররা। ব্যাংক থেকে নগদ টাকা তোলা, ঋণের অর্থ ছাড় করা, রেমিট্যান্সের ডলার ভাঙানো, সঞ্চয়পত্র ভাঙানো, মুনাফা উত্তোলনসহ সব ধরনের ব্যাংকিং কাজ আজ করা যাবে। এজন্য ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। কলমানিসহ কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে টাকার জোগান বাড়িয়েছে। ঈদের আগে গ্রাহকদের টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্যের জোগান দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকির কারণে বরাবরের মতো এবারও কলমানি মার্কেটে সুদের হার বেশি বাড়তে পারেনি। এখনো সুদের হার ১০ থেকে ১২ শতাংশের মধ্যে রয়েছে। 

আজ ব্যাংকগুলোয় নগদ টাকার বেশি চাহিদা থাকলেও কলমানির সুদের হার আগের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপকরা। কারণ, ব্যাংকগুলো গ্রাহকদের নগদ টাকার চাহিদা মেটাতে আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি রেখেছে।

এদিকে ঈদের আগে ২৮ মার্চ শুক্রবার ও ২৯ মার্চ শনিবার বিশেষ ব্যবস্থায় কিছু এলাকায় ব্যাংকের শাখা সীমিত সময়ের জন্য খোলা থাকবে। এর মধ্যে শুক্রবার লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শনিবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। এ দুইদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের কিছু এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে। 

ছুটি শেষে আগামী ৬ এপ্রিল (রোববার) স্বাভাবিক ভাবে ব্যাংকিং লেনদেন শুরু হবে। তখন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন চলবে।