সূচক বাড়লেও লেনদেন কমেছে পুঁজিবাজারে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৮ অক্টোবর) সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ৮৬ ও ২ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে ৬০৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৪ কোটি ৮৩ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪০ কোটি টাকা। বৃহস্পতিবার ডিএসইতে ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম। এদিন লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইভিন্সি টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সোনালী আঁশ, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি, প্যারামাউন্ট টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, সার্প ইন্ডাস্ট্রিজ ও এপেক্স ফুডস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৫টির শেয়ারদর বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। বৃহস্পতিবার সিএসইতে ১৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭৫ লাখ টাকা। ফলে এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি ২৮ লাখ টাকা।

জেএম
আরও পড়ুন