পঞ্চগড় থেকে সিলেটের পথে সাইকেলে ছুটছেন যুক্তরাজ্যের ২৬ নাগরিক। তাদের বেশির ভাগের পারিবারিক শিকড় সিলেট অঞ্চলে। দেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে দেখা এবং নতুন প্রজন্মের সাথে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক আরও গভীর করাই এ যাত্রার অন্যতম লক্ষ্য।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড়ের চাওয়াই নদীর সেতুসংলগ্ন ‘আই লাভ পঞ্চগড়’ এলাকা থেকে যাত্রা শুরু করেন তারা।
সানফ্লাওয়ারের দাতা সংস্থা ব্ল্যাকস্টোন চ্যারিটির উদ্যোগে আয়োজিত এ সাইকেল ভ্রমণে দেশের বিভিন্ন জনপদ পেরিয়ে তারা সিলেটে পৌঁছাবেন। এর আগে একই উদ্যোগে টেকনাফ থেকে সিলেট পর্যন্ত সাইকেল ভ্রমণ করেছিলেন অংশগ্রহণকারীরা।
তবে শুধু ভ্রমণ নয়, এ যাত্রার সাথে রয়েছে মানবিক উদ্যোগও। বাংলাদেশের মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করা হচ্ছে।
সানফ্লাওয়ারের প্রধান নির্বাহী মো: আবু হেনা মোস্তফা কামাল প্রধান বলেন, ‘বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও নিজেদের শিকড়কে কাছ থেকে জানার পাশাপাশি দেশের মানুষের উন্নয়নে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করাও তাদের অন্যতম লক্ষ।’