এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ!

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ এএম

ইউরোপের শেনজেন ভিসার আদলে এবার মধ্যপ্রাচ্য ভ্রমণে যুক্ত হচ্ছে একক পর্যটন ভিসা। গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) চালুর ঘোষণা দিয়েছে বহুল প্রতীক্ষিত 'জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা'।

এই বিশেষ ভিসা চালু হলে কোনো ঝঞ্ঝাট ছাড়াই ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন বিদেশি পর্যটকরা। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত এতে অন্তর্ভুক্ত রয়েছে।

রিয়াদে আয়োজিত এক সম্মেলনে জিসিসি মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই নিশ্চিত করেছেন, নতুন এই ইমিগ্রেশন ব্যবস্থার প্রস্তুতি শেষ পর্যায়ে। বিভিন্ন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।

ভিসা চালুর সুনির্দিষ্ট তারিখ, আবেদন ফি ও মেয়াদের বিস্তারিত এখনো জানানো হয়নি। তবে এই উদ্যোগ পুরো উপসাগরীয় অঞ্চলকে বিশ্বের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।

পর্যটকদের পাশাপাশি নিজস্ব নাগরিকদের যাতায়াত সহজ করতে কাজ চলছে অঞ্চলটিতে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যে ডিজিটাল বায়োমেট্রিক সুবিধা চালু হওয়ায় দ্বিতীয়বার পাসপোর্ট চেকের প্রয়োজন পড়ছে না।

মুক্ত বাণিজ্য প্রসার ও যাতায়াত সহজ করতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। দ্রুতই এই সুবিধা পর্যটক ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: খালিজ টাইমস।

এইচএন
আরও পড়ুন