শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী ভ্রমণের টিপস

শিক্ষাজীবনের ব্যস্ততা আর চাপ থেকে মুক্তি পেতে মাঝে মাঝে ভ্রমণে উপকারী। নতুন পরিবেশ, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়া যেমন মানসিক প্রশান্তি আনে, তেমনই অভিজ্ঞতা বাড়ায়। তবে শিক্ষার্থীদের বাজেট সীমিত হওয়ায়  ভ্রমণ করাটা কষ্টকর। তবে কৌশল জানা থাকলে সীমিত বাজেটেই ভ্রমণ করা সম্ভব।  

চলুন, জেনে নিই শিক্ষার্থীদের ভ্রমণে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি।

আগেভাগেই পরিকল্পনা করুন
ভ্রমণের সফলতা অনেকটাই নির্ভর করে পরিকল্পনার উপর। অগ্রিম টিকিট বুকিং, থাকার ব্যবস্থা নির্ধারণ ও ঘোরার স্থানগুলো সম্পর্কে তথ্য জেনে রাখলে খরচ যেমন কমে, ভ্রমণও সহজ হয়।

সুনির্দিষ্ট বাজেট নির্ধারণ করুন
ভ্রমণে যাওয়ার আগে একটা বাজেট ঠিক করুন এবং খাবার, থাকা, যাতায়াত ও জরুরি খরচের জন্য আলাদা বরাদ্দ রাখুন। চাইলে অনলাইন বাজেট প্ল্যানার বা অ্যাপ ব্যবহার করতে পারেন।

সাশ্রয়ী থাকার ব্যবস্থা বেছে নিন
হোস্টেল, গেস্ট হাউসে অনেক বেশি সাশ্রয়ী ও বন্ধুবান্ধব পরিবেশের হয়ে থাকে। কখনো কখনো লোকাল ফ্যামিলির সঙ্গে থাকার ব্যবস্থাও করতে পারেন, যা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

পরিবহন খরচ বাঁচান
লোকাল বাস, ট্রেন, মেট্রো বা রিকশা ব্যবহার করুন। গ্রুপ ট্রাভেল করলে রাইড শেয়ারিং বা ডিসকাউন্ট সুবিধা পান। স্থানীয় যানবাহনে চললে গন্তব্যের আসল পরিবেশটাও উপভোগ করা যায়।

স্থানীয় খাবার উপভোগ করুন
জায়গাটির আসল স্বাদ পেতে হলে লোকাল খাবারই খেতে হবে। রেস্টুরেন্টের বদলে স্থানীয় খাবারের দোকান বা রাস্তার খাবার ট্রাই করুন।

ছুটির সময় বেছে নিন
বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্ম বা শীতকালীন বড় ছুটির সময় ভ্রমণ করুন। তখন পড়াশোনার চাপ কম থাকে, মনোযোগ দিয়ে ভ্রমণ উপভোগ করা যায়, আর ভ্রমণের সঙ্গীও সহজে মেলে।

শিক্ষার্থী ডিসকাউন্ট ব্যবহার করুন
অনেক মিউজিয়াম, পরিবহন ব্যবস্থা ও পর্যটন স্পটে শিক্ষার্থীদের জন্য ছাড় থাকে। তাই আইডি কার্ড সঙ্গে রাখুন এবং যেখানেই যান, ডিসকাউন্ট আছে কি না জেনে নিন।

হালকা ব্যাগপ্যাক ব্যবহার করুন
হালকা ব্যাগ নিয়ে ভ্রমণে গেলে চলাফেরা সহজ হয়। প্রয়োজনীয় কাপড়, ওষুধ, টয়লেটরি, চার্জার ও পানির বোতল রাখুন—অপ্রয়োজনীয় কিছু নেবেন না।

অফলাইন ম্যাপ ও দরকারি অ্যাপ ডাউনলোড করুন
ইন্টারনেট সব জায়গায় থাকবে না। তাই গুগল ম্যাপের অফলাইন ভার্সন, ট্রান্সলেটর, ওয়েদার চেকার, এবং কারেন্সি কনভার্টার অ্যাপ ডাউনলোড করে রাখুন।

জরুরি টেলিফোন নম্বর রাখুন
যেখানেই যান না কেন, নিজের অবস্থান পরিবারের কেউকে জানান। বিপদের সময় যেন যোগাযোগ করতে পারেন, তার ব্যবস্থা (স্থানীয় দূতাবাস বা হেল্পলাইন নাম্বারসহ) সঙ্গে রাখুন।

স্মার্ট ফোন ও পাওয়ার ব্যাংক সঙ্গে নিন
ভ্রমণের সময় মোবাইল আপনার সবচেয়ে বড় সহায়ক। ছবি তোলা, দিক নির্দেশনা, যোগাযোগ—সবই এতে। তাই ফোন ফুল চার্জ করে বের হন এবং পাওয়ার ব্যাংক রাখুন।

নিজের নিরাপত্তার প্রতি সচেতন থাকুন
অপরিচিত জায়গায় রাতে একা ঘোরাঘুরি, অপরিচিত কারও কাছ থেকে খাবার নেওয়া বা গোপন তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। সবসময় সতর্ক থাকুন।