থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে পানামার পতাকাবাহী একটি জাহাজ। নৌযানটি মালয়েশিয়া থেকে কন্টেইনার ভর্তি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায় দেশটির নৌবাহিনী। এতে জাহাজটিতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের কন্টেইনার জাহাজটি শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কাত হয়ে ডুবে যেতে থাকার তথ্য পাওয়া গেছে। এতে নৌযানটি থেকে দুই শতাধিক কন্টেইনার সাগরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এছাড়া জাহাজটি থেকে বিপুল পরিমাণ তেল পানিতে পড়ে গেছে।
জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরে আসছিল। ফুকেট উপকূলে জাহাজটি ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিক ডুবে যায়। ফুকেট উপকূল থেকে ৪ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এটি ডুবে যেতে শুরু করলে থাই নৌবাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল যান।
পরে জাহাজের ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। জাহাজটিতে থাকা ১৬ নাবিকের সবাই বাংলাদেশি। তাদের স্থানীয়ভাবে উদ্ধার করে ফুকেটের একটি হোটেলে নেওয়া হয়। তারা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।
পানামার পতাকাবাহী জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। সেটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে কী কারণে জাহাজটি কাত হয়ে ডুবে গেছে তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি কেউ।
দ্য ন্যাশন থাইল্যান্ড এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ করে ক্ষয়ক্ষতি নিরুপণে জরিপ করছে দেশটির নৌবাহিনী, ফুকেট দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্তৃপক্ষ, সামুদ্রিক পুলিশ, কুসলধাম ফুকেট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং সামুদ্রিক ও উপকূলীয় সম্পদ অফিস-১০। একই সঙ্গে জাহাজটির কন্টেইনার উদ্ধার ও তেল অপসারণের কাজ শুরু করেছে।