জন্মহার বাড়াতে ভার্জিন নারী আমদানির প্রস্তাব 

জন্মহার বাড়াতে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণী ‘আমদানি’র প্রস্তাব দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ কোরিয়ার জিন্ডো কাউন্টির প্রধান কিম হি-সু। তার এই মন্তব্যকে নারীদের মর্যাদাহানিকর ও মানবিক মূল্যবোধবিরোধী বলে আখ্যা দিয়েছেন সমালোচকেরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এক বৈঠকে কিম হি-সু প্রস্তাব দেন দেশটির গ্রামীণ অঞ্চলের অবিবাহিত যুবকদের জন্য জন্মহার বাড়ানোর লক্ষ্যে ভিয়েতনাম বা শ্রীলঙ্কা থেকে তরুণী আনা যেতে পারে। মন্তব্যটি টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পরপরই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

সমালোচকদের মতে, এ ধরনের বক্তব্য নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করে এবং এটি লিঙ্গসমতা ও মানবাধিকারের পরিপন্থী। ব্যাপক বিতর্কের জেরে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি কিম হি-সুকে দল থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহার বিদ্যমান। এই ধারা অব্যাহত থাকলে আগামী ৬০ বছরে দেশটির প্রায় ৫ কোটি জনসংখ্যার অর্ধেক কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

কিম হি-সুর মন্তব্যের কড়া নিন্দা জানিয়েছে ভিয়েতনাম। সিউলে অবস্থিত ভিয়েতনাম দূতাবাস আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি শ্রীলঙ্কা।

সমালোচনার মুখে পড়ে পরে ক্ষমা চান কিম হি-সু। তিনি স্বীকার করেন, তার ভাষা ছিল ‘অনুপযুক্ত’।