পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় প্রকাশ্যে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পুলিশ জানায়, ওই দুই তরুণীকে সমকামী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। দেশটির অত্যন্ত কঠোর সমকামিতা বিরোধী আইনের আওতায় তাদের বিচার করা হবে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত দুই তরুণীর একজনের বয়স ২২ বছর (বিনোদনকর্মী) এবং অন্যজনের বয়স ২১ বছর (বেকার)। গত ১৮ ফেব্রুয়ারি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরুয়া সিটি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ দাবি করেছে, তারা জনসমক্ষে ‘অস্বাভাবিক ও কামোদ্দীপক’ আচরণ করছিলেন। এছাড়া গত বছর থেকেই এই দুই তরুণীর বিরুদ্ধে সমকামী আচরণের অভিযোগ আসছিল বলে জানায় পুলিশ।
২০২৩ সালে উগান্ডায় বিশ্বের অন্যতম কঠোর সমকামিতা বিরোধী আইন পাস করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা সত্ত্বেও এই আইন কার্যকর রেখেছে দেশটি।
এই আইনের প্রধান দিকগুলো হলো:
আজীবন কারাদণ্ড: একই লিঙ্গের ব্যক্তিদের মধ্যে যৌন সম্পর্কের ন্যূনতম শাস্তি আজীবন কারাদণ্ড।
মৃত্যুদণ্ড: ‘অ্যাগ্রাভেটেড’ বা গুরুতর অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। বারবার একই অপরাধ করা বা মরণব্যাধি ছড়ানোর মতো বিষয়গুলোকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
উগান্ডা সরকার স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক চাপ থাকলেও তারা এই আইনের প্রয়োগ অব্যাহত রাখবে। বর্তমানে গ্রেপ্তারকৃত দুই তরুণী পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র: রয়টার্স