লেবাননের জবেইল জেলায় যাজক ফাদার সামির দাউকে হত্যার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ)। শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে বাহিনীটি এ তথ্য জানায়। তারা বলেছে, সংশ্লিষ্ট বিচার বিভাগের তত্ত্বাবধানে এ ঘটনায় তদন্ত চলছে।
লেবাননের টেলিভিশন চ্যানেল এমটিভি গ্রেপ্তার ব্যক্তিকে ২২ বছর বয়সী আরকান আল-নাদ্দাফ হিসেবে শনাক্ত করেছে। তিনি সিরিয়ার আলেপ্পো গভর্নরেটের বাসিন্দা বলে জানিয়েছে চ্যানেলটি।
এমটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে আইএসএফের তথ্য শাখার একটি দল জবেইল-আমচিট উপকূলীয় সড়কের পাশে একটি ভবনে অভিযান চালায়। ভবনটিতে প্রায় ৪০০ সিরীয় নাগরিক বসবাস করতেন। সেখান থেকেই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে টেলিভিশন চ্যানেলটি।
এর আগে জবেইল জেলার আইন জেরাইন এলাকায় নিজের গ্রীষ্মকালীন বাড়ির ভেতর ফাদার সামির দাউকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করা হয়।
এদিকে ম্যারোনাইট প্যাট্রিয়ার্ক বিশারা আল-রাই এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনাটিকে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, ওই যাজক ঈশ্বর ও গির্জার সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে কঠোরভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে হত্যাকাণ্ডের পরিস্থিতি ও প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের শনাক্ত এবং বিচারের আওতায় আনার আহ্বান জানান বিশারা আল-রাই। মানবিক মর্যাদা ও সত্য প্রতিষ্ঠা এবং মানুষের জীবনের পবিত্রতার বিরুদ্ধে সব ধরনের লঙ্ঘন বন্ধের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। সূত্র: এলবিসি ইন্টারন্যাশনাল
হরমুজে নৌমাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাংকারে আগুন
ইরানের পারমাণবিক নীতি পরিবর্তন এখন জনগণের দাবি: ইমাম আকবারি
জাকানির লক্ষ্য কি আহমাদিনেজাদ হওয়া?