আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী ভয়াবহ সংঘর্ষ এবং পাকিস্তানের পক্ষ থেকে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। উদ্ভূত পরিস্থিতি তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উভয় দেশকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার অনুরোধ করেছেন। চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জরুরি প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি।
আফগান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তান দীর্ঘদিন কূটনৈতিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে, কিন্তু এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। খাজা আসিফ লেখেন, ‘এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি দাবি করেছেন, শুক্রবার কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে চালানো বিমান হামলায় এখন পর্যন্ত ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে তালেবানের বড় গোলাবারুদ ডিপো।
তবে পাকিস্তানের এই দাবি নাকচ করে দিয়েছে আফগানিস্তান। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, ‘পাকিস্তানের হামলায় কেউ হতাহত হয়নি।’ উল্টো তারা দাবি করেছে, তালেবানের পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও কোনো পক্ষের দাবির সত্যতা এখনো নিরপেক্ষভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তবর্তী এই সংঘাত দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।