চীনের সঙ্গে সরাসরি বাণিজ্যিক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নতুন সড়ক নির্মাণ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে সড়কটি চীনের সীমান্ত পর্যন্ত পৌঁছালেও খুলছে না সীমান্তের দুয়ার। নিরাপত্তা উদ্বেগের কারণে বেইজিং এখনো বাণিজ্যিক চলাচলের অনুমতি দেয়নি। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি আপাতত কার্যত বন্ধ সীমান্তেই গিয়ে শেষ হয়েছে।
বাদাখশান প্রদেশের ওয়াখান করিডর দিয়ে নির্মিত সড়কটি গত ৪ অক্টোবর উদ্বোধন করে তালেবান সরকার। আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, দুই ধাপে নির্মিত সড়কটিতে ব্যয় হয়েছে ৩৬৫ কোটি আফগানি, যা প্রায় ৫৫ লাখ ডলার। তবে এটি এখনো পাকা সড়ক নয়, বরং নুড়িপাথর দিয়ে তৈরি একটি সাধারণ চলাচলের পথ। প্রায় ৪ হাজার ৯০০ মিটার উচ্চতার ওয়াখজির গিরিপথ দিয়ে আফগানিস্তান ও চীনের সীমান্ত সংযুক্ত। বছরের অন্তত পাঁচ মাস বরফে ঢাকা থাকায় এ পথে চলাচল কঠিন। সেখানে এখনো কোনো আনুষ্ঠানিক সীমান্ত পারাপার বা চীনা শুল্ককেন্দ্র নেই।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে প্রথম এ সড়ক নির্মাণের আলোচনা শুরু হয়। তবে দুর্গম ভূপ্রকৃতি ও নিরাপত্তা উদ্বেগে প্রকল্পটি এগোয়নি। ২০১৯ সালে নির্মাণকাজ শুরু হলেও ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর তা স্থগিত হয়ে যায়। পরে ২০২৩ সালের সেপ্টেম্বরে নতুন করে কাজ শুরু করে সরকার। ২০২৫ সালের মার্চে দ্বিতীয় পর্যায়ের ৭১ কিলোমিটার সড়ক নির্মাণের চুক্তি করা হয়।
কাবুলের লক্ষ্য পাকিস্তানের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে চীন ও মধ্য এশিয়ার বাজারে প্রবেশের বিকল্প পথ তৈরি করা। ভবিষ্যতে এ করিডরকে রেলপথের সঙ্গেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আফগানিস্তানের কর্মকর্তাদের মতে, এটি দক্ষিণ, মধ্য ও পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়াতে পারে।
তবে চীনের কাছে অর্থনৈতিক সম্ভাবনার চেয়ে সীমান্ত নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে উইঘুর সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকানো এবং জিনজিয়াংয়ের নিরাপত্তা নিশ্চিত করতে চায় বেইজিং। ২০২৫ সালের আগস্টে কাবুল সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওয়াখান করিডরে সীমান্ত টহল পুনরায় শুরুর ওপর গুরুত্ব দেন।
এদিকে, পাকিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত ও বাণিজ্যিক জটিলতা আফগানিস্তানের বিকল্প পথের প্রয়োজনীয়তা বাড়িয়েছে। তবে চীন এখনো ওয়াখজির গিরিপথ বাণিজ্যের জন্য খুলতে সম্মত হয়নি। ফলে নতুন সড়ক নির্মিত হলেও আফগানিস্তানের চীনমুখী বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন এখনো নিরাপত্তা ও কূটনৈতিক সমঝোতার ওপর নির্ভর করছে।
সূত্র: আল-জাজিরা
ভারত সীমান্তে নজরদারি বাড়াতে এটিভি গাড়ি ও ড্রোন ব্যবহার
‘আগ্রাসনের বিচার না হলে ভাঙবে আন্তর্জাতিক আইন’
মণিপুরে আবারও হামলা, মা ও ছেলেসহ নিহত ৪