শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি ফ্রিগেট জাহাজ ‘আইরিস ডেনা’ সাবমেরিন হামলার শিকার হয়েছে। জাহাজটিতে থাকা ১৮০ জন নাবিকের মধ্যে কমপক্ষে ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হয়েছে।
শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার (৪ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সকে জানায়, উদ্ধার অভিযানে দুটি নৌযান এবং একটি বিমান মোতায়েন করা হয়েছে। একই দিন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান, ডুবতে থাকা জাহাজ থেকে ৩০ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
আহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জাহাজটি কেন ডুবল তা এখনও জানা যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজটি সাবমেরিন হামলার শিকার হয়েছে। তবে ‘আইরিস ডেনা’ এবং হামলার শিকার জাহাজ একই কিনা তা নিশ্চিত নয়।
পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান আঞ্চলিক উত্তেজনার অংশ হিসেবে জাহাজটিতে হামলা হয়েছে কি না। শ্রীলঙ্কা সরকার এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, 'ভারত মহাসাগরের আমাদের অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে বিপৎসংকেত পাওয়ায় আমরা আন্তর্জাতিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাৎক্ষণিক সাড়া দিয়েছি।'
সূত্র: রয়টার্স