ইরাকে তেলবাহী ট্যাংকারে হামলা

ইরাকের দক্ষিণাঞ্চলীয় খোর আল-জুবায়ের বন্দরের কাছে নোঙর করা বাহামাসের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এই খবর নিশ্চিত করেছেন ইরাকি নৌবাহিনীর একজন নিরাপত্তা কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা জানান, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে একটি ছোট অজ্ঞাত নৌকা ট্যাংকারটির কাছে আসে। এর কিছুক্ষণ পরই জাহাজটির বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

একই দিন ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশ থেকে প্রতিবেশী একটি দেশকে লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করেছে। অভিযানের সময় একটি মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম জব্দ করা হয়, যাতে দুটি ক্ষেপণাস্ত্র ছিল এবং সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছিল। সূত্র: আলজাজিরা