ইরান ও সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। সেইসঙ্গে তিনি অবিলম্বে বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান এবং সংলাপের পথ খুলে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়ারও কথা বলেন।
রোববার (৮ মার্চ) ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে অ্যাঞ্জেলুস প্রার্থনার সময় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রসঙ্গে পোপ লিও বলেন, এই সংঘাত মানুষের মধ্যে ভয় ও ঘৃণা বাড়িয়ে দিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, ‘এই সহিংসতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা আরও নষ্ট করতে পারে।’
তিনি আরও বলেন, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের ঘটনাগুলোর পাশাপাশি ঘৃণা ও ভয়ের পরিবেশও বাড়ছে। একই সঙ্গে আশঙ্কা বাড়ছে যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং অঞ্চলের অন্য দেশগুলো বিশেষ করে, প্রিয় লেবানন আবারও অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে।’
পোপ লিও বিশ্বনেতা ও সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি শত্রুতা বন্ধ করে সংলাপকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমরা যেন বিনয়ের সঙ্গে প্রার্থনা করি, বোমার গর্জন থেমে যাক, অস্ত্র নীরব হোক এবং এমন একটি পরিবেশ তৈরি হোক যেখানে সংলাপের মাধ্যমে মানুষের কণ্ঠ শোনা যাবে।’
এর আগে ভ্যাটিকানের শীর্ষ কূটনীতিকও এই সামরিক অভিযানের সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা আন্তর্জাতিক আইনকে দুর্বল করছে এবং কোনো দেশেরই ‘প্রতিরোধমূলক যুদ্ধ’ শুরু করার অধিকার নেই।