মার্কিন কৌশল ব্যর্থ, সামরিক চাপেও শক্তিশালী ইরান? 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯ এএম

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার ফলাফল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দুই রাজনৈতিক বিশ্লেষক এই সংঘাতের প্রভাব ও ভবিষ্যৎ গতিপথ তুলে ধরেছেন।

বিশ্লেষক সাকিনা দাতু ও আলী হামিয়ের মতে, নানা ধরনের চাপ সত্ত্বেও ওয়াশিংটন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে হোঁচট খেয়েছে। সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির চেষ্টাকে তারা এই কৌশলের অংশ হিসেবে দেখছেন।

দাতু মনে করেন, ইরানকে অস্থিতিশীল করার নতুন প্রচেষ্টাই আগের সামরিক পদক্ষেপের সীমাবদ্ধতা সামনে আনে। তার ভাষায়, ‘তারা যদি সফল হতো, তবে এতক্ষণে সফল হয়ে যেত।’

তার দাবি, ধারাবাহিক এই উত্তেজনা ইরানকে দুর্বল করার বদলে উল্টো উপকার করেছে। এর ফলে তেহরানের সামরিক প্রস্তুতি, অভ্যন্তরীণ সংহতি এবং বৈশ্বিক অবস্থানে নতুন মাত্রা যোগ হয়েছে।

অন্যদিকে আলী হামিয়ে ইরানের সামরিক সক্ষমতার বিস্তৃতি ও কৌশলগত পরিবর্তনের দিকে নজর দিয়েছেন। তার মতে, পুরো অঞ্চলে মার্কিন তৎপরতা নজরে রাখা এবং পাল্টা জবাব দেওয়ার সামর্থ্য এখন ইরানের অনেক বেশি।

মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি এবং ইরানি জলসীমার কাছাকাছি থেকে রণতরী সরিয়ে নেওয়ার প্রসঙ্গও টানেন তিনি। হামিয়ে বলেন, “ইরানিরা আমেরিকানদের প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে অনুসরণ করছে।”

এই বিশ্লেষকের ধারণা, তেহরানের এমন সক্ষমতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে। এতে করে ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক পরিকল্পনা ও হিসাব-নিকাশ আরও জটিল হয়ে উঠছে।

দুই ভাষ্যকারই যুক্তরাষ্ট্রের নীতির ধারাবাহিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, শীর্ষ সামরিক নেতৃত্বে রদবদল এবং চূড়ান্ত ফলাফল না পাওয়ার বিষয়টি তারা সামনে এনেছেন।

দাতুর মতে, অব্যাহত চাপের মুখেও ইরানের অবস্থান আরও পোক্ত হয়েছে। আর হামিয়ে দেখছেন, ইরান এখন কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ না থেকে আরও সক্রিয় কৌশলের দিকে এগোচ্ছে।

সব মিলিয়ে দুই বিশ্লেষকের অভিমত, ঘনঘন হুমকি ও সামরিক উপস্থিতি মার্কিন কৌশলের সীমাবদ্ধতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এর বিপরীতে পশ্চিম এশিয়ায় ইরানের প্রভাব আরও সুসংহত হয়েছে বলে মনে করছেন তারা।

সূত্র: প্রেস টিভি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত