মার্কিন গোয়েন্দা প্রধান

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে

ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। 

মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন হাউজ ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে তিনি দাবি করেন।

তুলসী গ্যাবার্ড বলেন, "পারমাণবিক অস্ত্র নেই এমন কোনো দেশের জন্য ইউরেনিয়ামের এই পরিমাণ মজুদ নজিরবিহীন।"

তিনি সতর্ক করে বলেন, ইরান কেবল তাদের পারমাণবিক সক্ষমতাই বাড়াচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য বিস্তারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছে। তেহরানের হাতে বর্তমানে এমন সব ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন (UAV) রয়েছে যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

মার্কিন গোয়েন্দা প্রধান আরও দাবি করেন, ইরান তার সমমনা সশস্ত্র গোষ্ঠী ও প্রক্সি সংগঠনগুলোকে অস্ত্র সহায়তা দিয়ে পুনরায় সংগঠিত করার চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলকে মোকাবিলা করা এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাসে চাপ সৃষ্টি করা। গ্যাবার্ডের মতে, ইরান তাদের এই ‘লুজ কনসোর্টিয়াম’ বা উগ্রপন্থী গোষ্ঠীগুলোর মাধ্যমে আঞ্চলিক অস্থিরতা জিইয়ে রাখছে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের এই বিশাল ইউরেনিয়াম মজুদ বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। বিশেষ করে যখন ভিয়েনা চুক্তি বা জেসিপিওএ (JCPOA) পুনরুজ্জীবনের সম্ভাবনা ফিকে হয়ে আসছে, তখন ওয়াশিংটনের এমন দাবি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।