সৌদি আরবের রিয়াদে ইসলামি দেশগুলোর একটি সম্মেলনে গত বৃহস্পতিবার পাশে বসেছিলেন তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। প্রথমবারের মতো চার দেশ একসঙ্গে তাদের শক্তি কাজে লাগানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
গত বছর থেকেই পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চাইছে তুরস্ক। চলতি বছরের শুরুতে পাকিস্তানের একজন মন্ত্রী জানিয়েছিলেন, এই চুক্তি প্রায় এক বছর ধরে প্রস্তুতির পর্যায়ে রয়েছে।
বিষয়টি সম্পর্কে এক তুর্কি সূত্র আগে মিডল ইস্ট আইকে জানিয়েছিল, আঙ্কারা এই ব্যবস্থায় মিশরকেও যুক্ত করার চেষ্টা করছে। সূত্র জানিয়েছে, এই চুক্তি ন্যাটোর মতো কোনো জোট হবে না। বরং এটি হবে একটি নিরাপত্তা মঞ্চ, যেখানে প্রতিরক্ষা শিল্প ও অন্যান্য প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা বাড়ানো হবে।
শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, 'আমরা খুঁজে দেখছি, এই অঞ্চলে যেসব দেশের একটি নির্দিষ্ট মাত্রার প্রভাব রয়েছে, তারা কীভাবে সমস্যা সমাধানে একে অপরের শক্তিকে কাজে লাগাতে পারে।'