১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বরোচিত নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে যুক্তরাষ্ট্রের আইনসভায়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (House of Representatives) এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছেন ওহিও অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান।
শুক্রবার (২০ মার্চ) উত্থাপিত এই প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার জন্য কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবে একাত্তরের ২৫ মার্চের ‘অপারেশন সার্চলাইট’ থেকে শুরু করে পাকিস্তানি বাহিনীর পরিকল্পিত গণহত্যা, গণধর্ষণ এবং বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদে পেশ করা এই প্রস্তাবে ঐতিহাসিক ‘ব্লাড টেলিগ্রাম’ এবং প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাসের প্রতিবেদনের মতো শক্তিশালী আন্তর্জাতিক নথির উদ্ধৃতি দেওয়া হয়েছে। এসব নথির ওপর ভিত্তি করে একাত্তরের ঘটনাগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্টকে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের পরিচালিত সেই অমানবিক কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়। কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যানের মতে, সঠিক ইতিহাস সংরক্ষণ এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে এই স্বীকৃতি অত্যন্ত জরুরি।
মার্কিন কংগ্রেসে এই প্রস্তাব পাস হলে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির পথে বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে এবং পাকিস্তানের ওপর বৈশ্বিক চাপ বৃদ্ধি পাবে।