মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে মানবজাতির জন্য ‘কলঙ্কজনক’ বলে উল্লেখ করেছেন ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনায় পোপ লিও। এ তথ্য জানিয়েছে ভ্যাটিকানের সরকারি সংবাদমাধ্যম ভ্যাটিক্যান নিউজ।
রোববার (২২ মার্চ) তিনি উপস্থিত জনতাকে আহ্বান জানিয়ে বলেন, ‘শত্রুতা যেন বন্ধ হয়ে যায় এবং আন্তরিক সংলাপ ও প্রতিটি মানুষের মর্যাদার প্রতি সম্মানের ভিত্তিতে শান্তির পথ যেন খুলে যায়।’
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পোপ বলেন, এত মানুষের কষ্টের সামনে আমরা নীরব থাকতে পারি না; এসব সংঘাতে নিরীহ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহে প্রবেশ করার প্রেক্ষাপটে এবং অঞ্চলজুড়ে মৃতের সংখ্যা বাড়তে থাকায় পোপের এই মন্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে।