শ্রীলঙ্কায় প্রায় ২৫ শতাংশ বাড়ালো জ্বালানির দাম 

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১২:২৬ এএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় আবারো জ্বালানির দাম বাড়িয়েছে শ্রীলঙ্কা। রোববার (২২ মার্চ) দেশটি পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে, যা দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা বৃদ্ধি। খবর এনডিটিভির

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ পেট্রোলের দাম প্রতি লিটার ৩১৭ রুপি থেকে বাড়িয়ে ৩৯৮ রুপি করা হয়েছে। অন্যদিকে, গণপরিবহনে বহুল ব্যবহৃত ডিজেলের দাম ৭৯ রুপি বাড়িয়ে ৩৮২ রুপি নির্ধারণ করা হয়েছে। 

এর আগে গত সপ্তাহে খুচরা পর্যায়ে জ্বালানির দাম ৮ শতাংশ বাড়ানো হয় এবং ব্যবহার কমাতে রেশনিং ব্যবস্থাও চালু করা হয়।

রাষ্ট্রায়ত্ত সিলন প্রেট্রোলিয়াম করপোরেশনের এক কর্মকর্তা জানান, সর্বশেষ মূল্যবৃদ্ধির মাধ্যমে জ্বালানি ব্যবহারে ১৫ থেকে ২০ শতাংশ হ্রাস আনার লক্ষ্য রয়েছে।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক ইতোমধ্যে সতর্ক করেছেন, ‘মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি সংঘাত দেশটির জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে।’ পরিস্থিতি মোকাবিলায় সরকার সপ্তাহে চারদিন কর্মদিবস চালুর নির্দেশ দিয়েছে এবং সম্ভব হলে বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) পুনরায় চালুর আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। শান্তিকালীন সময়ে বিশ্বে প্রায় ২০ শতাংশ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়।

উল্লেখ্য, শ্রীলঙ্কা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীল। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করা হয় এবং মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করা হয়।

সরকার সতর্ক করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ ২০২২ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে। ওই বছর বৈদেশিক মুদ্রার সংকটে পড়ে ৪৬ বিলিয়ন ডলারের ঋণে খেলাপি হয় দেশটি। পরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে ২.৯ বিলিয়ন ডলারের সহায়তা পায়।

HN
আরও পড়ুন