মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় ইসরায়েলে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, ক্রমবর্ধমান প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করা উচিত।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাসের বরাত দিয়ে জানিয়েছে, যারা এখনো ইসরায়েলে অবস্থান করছেন, তাদের সুরক্ষায় নতুন একটি উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে চীন সরকার। এই অভিযানের আওতায় নাগরিকদের সরিয়ে নিতে মিশরের সীমান্তবর্তী ‘তাবা ক্রসিং’ (Taba Crossing) ব্যবহার করা হবে।
চীনা দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, বর্তমানে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি এবং তীব্রতা অনেক বেড়েছে। সাধারণ মানুষ সময়মতো নিরাপদ আশ্রয়ে বা বোমা শোল্টারে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যাও বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই ঝুঁকি না নিয়ে নিজ দেশে ফিরে যাওয়া বা অন্য কোনো নিরাপদ দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, যারা এখনও দেশ ছাড়তে পারেননি, তারা যেন আবশ্যিকভাবে বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং তেল শোধনাগারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকেন। কারণ এসব এলাকা এখন হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা।