রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার (২৬ মার্চ) এই বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে... তাদের প্রতি মনোযোগ দেবেন না।’
রাশিয়ার সঙ্গে ইরানের ‘কৌশলগত অংশীদারত্ব চুক্তি’ রয়েছে। ইরানে মার্কিন–ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি। যদিও এমন আলোচনা আছে যে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে।
যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিয়েছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন দিয়ে মস্কোকে তেহরানের সহযোগিতার বিষয়টি বেশ আলোচিত।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে দাবি করে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে রাশিয়া। সূত্র: আল–জাজিরা।