মধ্যপ্রাচ্যের সংঘাত এবার আকাশ থেকে শিল্পের ওপর আছড়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অ্যালুমিনিয়াম স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতভর এই অভিযান চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল বাহরাইনের ‘অ্যালুমিনিয়াম বাহরাইন’ (আলবা) এবং আবুধাবির ‘এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম’ (ইজিএ)।
কোম্পানি দুটির দেওয়া তথ্য অনুযায়ী, বাহরাইনের আলবা কারখানায় হামলায় দুইজন কর্মচারী আহত হয়েছেন। অন্যদিকে, আবুধাবিতে ইজিএ-র সাইটটিতে ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’র খবর পাওয়া গেছে এবং সেখানে অন্তত ছয়জন আহত হয়েছেন। সব মিলিয়ে ইরানের এই হামলায় দুই দেশে ৮ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
আইআরজিসি দাবি করেছে, এই স্থাপনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। এছাড়া, উপসাগরীয় রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটি থেকে ইরানের শিল্প অবকাঠামোতে যে হামলা চালানো হয়েছে, এটি তারই প্রতিশোধ। তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, তাদের মাটিতে হামলার জন্য যারা ভূমি বা অবকাঠামো ব্যবহার করতে দেবে, তাদের প্রত্যেককেই চড়া মূল্য দিতে হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন পঞ্চম সপ্তাহে পা দিল। বর্তমানে ইরান কেবল সামরিক ঘাঁটি নয়, বরং প্রতিপক্ষের মিত্র দেশগুলোর অর্থনৈতিক ও শিল্প অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। এর ফলে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক স্থিতিশীলতা ও বিশ্ব সরবরাহ ব্যবস্থা এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সূত্র: আল জাজিরা