ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় নতুন হামলাকে 'বিশ্বব্যাপী নিন্দার যোগ্য' বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, শুক্রবার ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় নতুন হামলা বিশ্বব্যাপী নিন্দার যোগ্য।
তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালককে একটি স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন, কেননা আমেরিকা ও ইসরায়েল সীমা অতিক্রম করেছে।
মারিয়া জাখারোভা শনিবার এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনকারীরা পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাত্রা বাড়িয়েই চলেছে, যা ব্যাপক তেজস্ক্রিয় দূষণের সম্ভাবনাসহ সমস্ত বিপদ বাড়িয়ে চলেছে।
বিবৃতিতে বলা হয়েছে. ‘শুক্রবার, শত্রুরা ইরানের খান্দাবের হেভি ওয়াটার কমপ্লেক্স এবং আরদাকানের ইউরেনিয়াম আকরিক কনসেনট্রেট উৎপাদন কেন্দ্রে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকায় নতুন হামলার খবরও প্রকাশিত হয়।’
রুশ কূটনীতিক বলেন, ‘আমরা আশা করি- আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি বর্তমান পরিস্থিতি সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত পাওয়ার পর, আগ্রাসনকারীদের কাছে অবিলম্বে এবং স্পষ্টভাবে এই সহজ বার্তাটি পৌঁছে দিতে সক্ষম হবেন: ‘এখন থামার সময়! আপনারা সীমা অতিক্রম করেছেন, কিন্তু আপনাদের কাছে এখনও আরও অপরাধ, নিরীহ হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং এই ট্র্যাজেডিকে একটি বৈশ্বিক বিপর্যয়ে পরিণত হওয়া থেকে প্রতিরোধ করার সুযোগ রয়েছে’।’