রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশিনেফতেওরগসিনতেজে (কিনেফ) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবারের (৯ নভেম্বর) এ হামলায় শোধনাগারটির প্রধান তিনটি তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বড় ধরনের আগুনের সূত্রপাত হয়। এদিকে জ্বালানি সরবরাহের চাপের মধ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রসনেফট ছয়টি অঞ্চলে পেট্রল ও ডিজেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, হামলার সময় অঞ্চলটিকে লক্ষ্য করে আসা ১১৩টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোঝস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানে। এতে এক বাসিন্দা নিহত হয়েছেন।
কিরিশিনেফতেওরগসিনতেজ বা কিনেফ শোধনাগারটি উত্তর-পশ্চিম রাশিয়ার সবচেয়ে বড় এবং ওমস্ক শোধনাগারের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার। সুরগুতনেফতেগাজ গ্রুপের মালিকানাধীন এই স্থাপনায় বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করা হয়। যা রাশিয়ার মোট তেল পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।
শোধনাগারটিতে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি, ফুয়েল অয়েল, বিটুমিন ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করা হয়। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরেও এখান থেকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়। কারখানাটির নকশাগত বার্ষিক উৎপাদন সক্ষমতা ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ টন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে একাধিকবার ইউক্রেনীয় বাহিনীর হামলার লক্ষ্য হয়েছে শোধনাগারটি। ২০২৫ সালে সুরগুতনেফতেগাজের ওপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চল এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ায় ৪৩০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। তবে ইউরোনিউজ জানিয়েছে, এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ছয় অঞ্চলে জ্বালানি বিক্রিতে সীমা
সোমবার রাশিয়ার তেল কোম্পানি রসনেফট তাদের ফিলিং স্টেশনগুলোতে পেট্রল ও ডিজেল বিক্রির পরিমাণ সীমিত করার ঘোষণা দেয়। রুশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কারেলিয়া, বুরিয়াতিয়া, জাবাইকালস্কি ক্রাই এবং নভোসিবিরস্ক, আরখানগেলস্ক ও পেনজা অঞ্চলে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে।
নতুন নিয়মে শহরাঞ্চলের গ্রাহকেরা প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০ লিটার পেট্রল কিনতে পারবেন। মহাসড়কের ফিলিং স্টেশনগুলোতে এ সীমা ৫০ লিটার। তবে ক্রাসনোইয়ারস্ক অঞ্চলে আলাদা সীমা নির্ধারণ করা হয়েছে। সেখানে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লিটার এআই-৯৫ পেট্রল, ৫০ লিটার এআই-৯২ পেট্রল এবং ১০০ লিটার ডিজেল কিনতে পারবেন।
লেনিনগ্রাদ অঞ্চলের কর্তৃপক্ষও ফিলিং স্টেশনগুলোকে প্রতি লেনদেনে পেট্রল বিক্রি ৩০ লিটার এবং ডিজেল ৫০ লিটারের মধ্যে সীমিত রাখার সুপারিশ করেছে।
ইউক্রেনেও রাশিয়ার হামলা অব্যাহত
এদিকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে ৩১৭টি ড্রোন ছুড়েছে রুশ বাহিনী। এর মধ্যে ১০৫টি ছিল জেটচালিত ড্রোন। এ ছাড়া ছিল বান্দেরোল, ড্যান-টি, গেরবেরা ও লক্ষ্যভ্রষ্ট করার উদ্দেশ্যে ব্যবহৃত ডিকয় ড্রোন। এসব ড্রোনের মধ্যে ২৭৬টি ভূপাতিত করা হয়েছে। ৩১টি স্থানে ড্রোনের আঘাত এবং আরও ৯টি স্থানে ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে ওদেসা অঞ্চলের একটি খাদ্যপণ্যের গুদামে ড্রোন হামলায় তিনজন নিহত হন। আহত একজনের অবস্থা গুরুতর।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় দুজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের হামলায় খারকিভ অঞ্চলে শিশুসহ নয়জন আহত হন।
জাপোরিঝঝিয়া ও আশপাশের এলাকায় হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন। পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন। ওই হামলায় প্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত একটি পুনর্বাসনকেন্দ্র ধ্বংস হয়েছে।
সোমবার সকালে সুমি অঞ্চলে রুশ হামলায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মী আহত হন। তাঁদের বহনকারী যানবাহনে আঘাত হানে রুশ বাহিনী।
এ ছাড়া ২ নভেম্বর কামিশিভাখা এলাকায় রুশ বিমান হামলায় ৫৫ জন নিহত হওয়ার পর ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল। এ সময় উদ্ধারকর্মীদের লক্ষ্য করে তিন দফা ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংসস্তূপের নিচে এখনো ১৯ জন পর্যন্ত আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৩০ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
সূত্র: ইউরো নিউজ
ইরানে আগের চেয়ে ৫ গুণ বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
'জেলে যাওয়ার আগে স্ত্রীকে শুভরাত্রির চুমু দিয়ে আসুন'
রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের