ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার দাবি করেছেন, চলমান ইরান যুদ্ধ থেকে রাশিয়া উপকৃত হচ্ছে। অন্যদিকে পিছিয়ে পড়ছে কিয়েভ।
এক ভার্চুয়াল সাক্ষাৎকারে জেলেনস্কি অ্যাক্সিওসকে বলেছেন, ‘আমি নিশ্চিত রাশিয়া দীর্ঘ যুদ্ধ চায়। কারণ তাদের সুবিধা আছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মনোযোগ দিচ্ছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা কমিয়ে দিতে পারে। কিছু নিষেধাজ্ঞা আংশিকভাবে তুলে নেওয়া হয়েছে। যদি ইরানের যুদ্ধ চলতে থাকে, সেক্ষেত্রে আমি শুধু রাশিয়ারই সুবিধা দেখি।’
তিনি যুক্তি দেন, যেহেতু জ্বালানির দাম বাড়ছে সেহেতু রাশিয়া তেল বিক্রি থেকে বেশি আয় করছে। জেলেনস্কি আরও সতর্ক করেছেন যে, দীর্ঘ ইরান যুদ্ধ ইউক্রেনের অস্ত্র সরবরাহকেও প্রভাবিত করবে।
রাশিয়া জেলেনস্কির এ দাবিগুলোর ওপর এখনো কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন যে, তার দেশ মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে সেই গোয়েন্দা তথ্য শেয়ার করেছে, যেখানে দেখা গেছে রাশিয়া ইরানকে মার্কিন ও মিত্র দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র দিয়েছে।
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে জেলেনস্কি বলেছেন, তিনি আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তাদের মাটি ছাড়তে চাপ দিতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি