ইরানের আকাশে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে নিয়ে শুরু হয়েছে এক নাটকীয় ও রহস্যময় পরিস্থিতি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেনাসদস্যকে ‘সাহসী অভিযানে’ উদ্ধারের দাবি করছেন, অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে নিখোঁজ পাইলট যাতে শত্রুর হাতে ধরা না পড়ে, সেজন্য যুক্তরাষ্ট্র তাকে বোমা মেরে হত্যা করার ছক কষছে।
রোববার (৫ এপ্রিল) ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম এই দাবিটি সামনে আনে।
ইরানি সামরিক সূত্রের বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত ৩ এপ্রিল ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়। বিমানে থাকা দুজন ক্রুর মধ্যে একজনকে যুক্তরাষ্ট্র উদ্ধারের দাবি করলেও অন্যজনের বিষয়ে তারা ‘হতাশ ও মরিয়া’। সূত্রের দাবি, আমেরিকানরা এখন সেসব স্থানে নির্বিচারে বোমাবর্ষণ করছে যেখানে ওই নিখোঁজ পাইলটের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তাদের লক্ষ্য হলো পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে তাকে সেখানেই মেরে ফেলা, যাতে সে ইরানি বাহিনীর হাতে বন্দি না হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার রাতে ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের পার্বত্য এলাকায় মার্কিন বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে। ইরান মনে করছে, যুক্তরাষ্ট্র তাদের দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে না পেয়ে ওই এলাকায় তাকে ‘চিরতরে থামিয়ে দিতে’ চাইছে।
ইরানের এই অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী একটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। আমাদের দ্বিতীয় ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং তিনি বর্তমানে সম্পূর্ণ সুরক্ষিত আছেন।’
ইরানের সামরিক সূত্রটি অবশ্য ট্রাম্পের এই দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে। তারা বলছে, প্রথম পাইলট সম্পর্কেও যুক্তরাষ্ট্র সম্পূর্ণ সত্য বলছে না। তাদের মতে, ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের এই কাহিনী শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরণের আন্তর্জাতিক কেলেঙ্কারি বা ‘স্ক্যান্ডাল’ হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ৩৫তম দিনে এই বিমানটি ভূপাতিত হওয়ার ঘটনা ঘটে। পাইলটদের উদ্ধার বা নিখোঁজ থাকা নিয়ে দুই দেশের বিপরীতমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আরও তুঙ্গে উঠেছে।