ইরানে নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে নিয়োজিত একটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ইসফাহান প্রদেশে ধ্বংস হওয়া ওই বিমানটি ছিল সি-১৩০ (C-130) ক্লাসের একটি মালবাহী বিমান।
প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের পুলিশ কমান্ডো ইউনিটের একটি বিশেষ দল যা 'ফারাজ রেঞ্জার্স' নামে পরিচিত এই অভিযানটি পরিচালনা করে বিমানটিকে ধ্বংস করেছে। ইরানি কর্মকর্তাদের মতে, এই বিমানটি "পবিত্র মাতৃভূমি দখলকারী অশুভ শক্তির" জ্বালানি সরবরাহের কাজে নিয়োজিত ছিল।
নিখোঁজ মার্কিন সেনার অবস্থান শনাক্ত করতে যুক্তরাষ্ট্র যে বিশেষ মিশন শুরু করেছিল, এই বিমানটি সেই মিশনেরই অংশ ছিল বলে দাবি করা হচ্ছে। বিমানটি ধ্বংসের খবরটি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই অভিযানকে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে। সূত্র: আলজাজিরা

