অধ্যাপক ফোয়াদ ইজাদি

ইরানে লক্ষ্য অর্জিত না হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন ট্রাম্প 

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে লক্ষ্য করে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অশ্লীল ভাষা এবং ক্রমাগত হুমকি প্রমাণ করে যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে ‘নিয়ন্ত্রণ হারাচ্ছেন’। 

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থান ও মানসিক অস্থিরতা নিয়ে এই বিশ্লেষণ তুলে ধরেন।

অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প বর্তমানে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। তিনি ভেবেছিলেন মাত্র তিন দিনের মধ্যেই ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তন করে ফেলবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জিত না হওয়ায় তিনি চরম হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন।

ইজাদি মনে করেন, এই ব্যর্থতা থেকেই ট্রাম্পের ভাষায় এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের বহিঃপ্রকাশ ঘটছে।

এই সংকটকালীন পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে যে, ট্রাম্প সম্ভবত কোনো এক পর্যায়ে নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করে এই যুদ্ধের অবসান ঘটাবেন।

তবে রাজনৈতিক সমঝোতার বিষয়ে ইজাদি সতর্ক করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে আসা সম্ভব নয় যা ইরানের জন্য লাভজনক হতে পারে। 

তিনি আরও উল্লেখ করেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষে ট্রাম্পের মতো একজনের হাতে দেশের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’র শামিল, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরানের নীতিনির্ধারকরা তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছেন। সূত্র: আলজাজিরা।