যুদ্ধেও ৫০ শতাংশ বেড়েছে ইরানের মৎস্য রপ্তানি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইরানের মৎস্য খাতে রপ্তানি বেড়েছে ৫০ শতাংশের বেশি। উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম সচল রাখার পাশাপাশি দেশটির মৎস্য খাত নতুন করে সম্প্রসারণের পথে এগোচ্ছে বলে দাবি করেছে ইরানের মৎস্য সংস্থা।

তেহরানের স্থায়ী আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত দশম আন্তর্জাতিক মৎস্য, জলজ চাষ ও সামুদ্রিক খাদ্যশিল্প প্রদর্শনীতে এ তথ্য জানান ইরানের মৎস্য সংস্থার (আইএফও) প্রধান হামজেহ রোস্তামপুর। শুক্রবার তিনি বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি সত্ত্বেও এ খাতের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম থেমে যায়নি, বরং সম্প্রসারিত হয়েছে।

রোস্তামপুরের তথ্য অনুযায়ী, চলতি বছর ইরানের খামারগুলো থেকে ইতোমধ্যে ৪০ হাজার টনের বেশি চিংড়ি আহরণ করা হয়েছে। চলতি মৌসুমে আরও ৬০ হাজার টন চিংড়ি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারত মহাসাগরীয় টুনা কমিশনের (আইওটিসি) নিয়ম মেনে গভীর সমুদ্রে মাছ ধরার কার্যক্রমও গত বছরের তুলনায় ৩৫ শতাংশ বেড়েছে।
বেসরকারি বিনিয়োগ দ্বিগুণ, যুদ্ধেও সচল ইরানের মৎস্য খাত
ইরানের মৎস্য খাতে প্রবৃদ্ধির পেছনে দেশীয় বিনিয়োগ বৃদ্ধিকে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন রোস্তামপুর। তাঁর দাবি, কয়েক বছরে এ খাতে বিনিয়োগ প্রায় দ্বিগুণ হয়েছে। যুদ্ধ শুরুর আগে মৎস্য খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৩৪ ট্রিলিয়ন তোমান। গত বছর তা বেড়ে ৬৭ ট্রিলিয়ন তোমানে পৌঁছায়। চলতি বছর এখন পর্যন্ত নতুন বিনিয়োগ ৪০ ট্রিলিয়ন তোমান ছাড়িয়েছে।

এই বিনিয়োগের প্রায় ৯০ শতাংশই বেসরকারি খাত থেকে আসছে বলে জানান তিনি। দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশমসহ উপকূলীয় এলাকাগুলোতে বিনিয়োগের বড় অংশ কেন্দ্রীভূত হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে মাকরান উপকূলকে ঘিরে সরকারের উন্নয়ন পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।
যুদ্ধের ক্ষয়ক্ষতি ও সরবরাহব্যবস্থার চ্যালেঞ্জ
গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধের সময় ইরানের মৎস্য খাতও ক্ষতির মুখে পড়েছে। রোস্তামপুরের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের উত্তেজনা বাড়ার পর থেকে এ খাতের ৪০ জনের বেশি জেলে ও কর্মী প্রাণ হারিয়েছেন।

প্রাণহানি ও পরিবহন অবকাঠামোয় হামলার আশঙ্কা সত্ত্বেও সরবরাহব্যবস্থা সচল রাখার দাবি করেছে দেশটির মৎস্য সংস্থা। রোস্তামপুর বলেন, হরমোজগান প্রদেশের আশপাশের সেতুতে হামলার সময়ও জলজ চাষের খাদ্য বহনকারী ট্রাক চলাচল অব্যাহত ছিল।

তবে আন্তর্জাতিক সামুদ্রিক খাদ্যবিষয়ক সংবাদমাধ্যম সিফুডসোর্সের সাম্প্রতিক প্রতিবেদনে যুদ্ধের কারণে ইরানের মৎস্য খাতে উল্লেখযোগ্য ক্ষতির তথ্য উঠে এসেছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তরের (ওসিএইচএ) হিসাব উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, হরমোজগান ও বুশেহর প্রদেশের মৎস্য খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি ৫৯ লাখ ডলার। ওই দুই প্রদেশের মাছ ধরার বহরের ৬০ শতাংশের বেশি নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ইরানের মৎস্য খাতকে শুধু উৎপাদন ও রপ্তানির শিল্প হিসেবে নয়, জাতীয় খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন রোস্তামপুর।

তাঁর মতে, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মৎস্য ও জলজ চাষের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা এবং শহর থেকে এসব অঞ্চলে মানুষের ফিরে আসার প্রবণতা বাড়ানো সম্ভব।

যুদ্ধের প্রতিকূলতার মধ্যেও উৎপাদন ও রপ্তানি অব্যাহত রাখার যে চিত্র দেশটির মৎস্য সংস্থা তুলে ধরছে, তা ইরানের সামুদ্রিক অর্থনীতি ও খাদ্য উৎপাদন ব্যবস্থার সক্ষমতা প্রদর্শনের প্রচেষ্টার অংশ।

সূত্র: মেহের নিউজ

বিএইচবি
আরও পড়ুন