ইরান যুদ্ধ

যুদ্ধবিরতি রক্ষায় আরব আমিরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার যুদ্ধবিরতি রক্ষা করতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে যুক্তরাজ্য। এরই অংশ হিসেবে সৌদি আরব সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হলেও তা কতক্ষণ স্থায়ী হবে, তা নিয়ে বিশ্বজুড়ে গভীর সংশয় তৈরি হয়েছে। বিশেষ করে লেবাননের ওপর ইসরায়েলের অব্যাহত হামলাকে তেহরান এই চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। এমন এক সংকটময় মুহূর্তে স্টারমার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে স্টারমারের একটি উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, লোহিত সাগরের নিরাপত্তা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হবে।

আবুধাবিতে আসার আগে কিয়ার স্টারমার জেদ্দায় সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং জ্বালানি বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, কিয়ার স্টারমার এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের কূটনৈতিক প্রভাব পুনরায় সংহত করতে চাইছেন। যুদ্ধবিরতি ভেস্তে গেলে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ওপর যে বিরূপ প্রভাব পড়বে, তা রুখতেই লন্ডনের এই তড়িঘড়ি দৌড়ঝাঁপ। সূত্র: বিবিসি