লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ‘ইয়ারুন’ নামক একটি অবৈধ বসতিতে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
রোববার (১২ এপ্রিল) ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে।
বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে এই আক্রমণ পরিচালনা করেছে। তাদের এই সশস্ত্র প্রতিরোধ থামবে না জানিয়ে হিজবুল্লাহ স্পষ্ট বার্তা দেয়, আমাদের দেশ ও জনগণের ওপর ইসরায়েলি-মার্কিন আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এই প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।
এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হিজবুল্লাহর এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উসকে দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক ব্যর্থতা এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এই হামলায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে উত্তর সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: আলজাজিরা