মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর দেওয়া কঠোর সামরিক অবরোধ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সফলভাবে অতিক্রম করেছে চীনের একটি বাণিজ্যিক জাহাজ। যুদ্ধ ও অবরোধ শুরু হওয়ার পর পারস্য উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বা বড় জাহাজ বেরিয়ে আসার এটিই প্রথম ঘটনা।
বুধবার (১ এপ্রিল) জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য প্রদানকারী বিশ্বখ্যাত সংস্থা ‘মেরিন ট্রাফিক’ ও ‘কেপলার’-এর জাহাজ ট্র্যাকিং তথ্যে এই বিষয়টি উঠে এসেছে।
অবরোধ ভেঙে বেরিয়ে আসা জাহাজটির নাম ‘রিচ স্টারি’ (Rich Starry)। এটি চীনের ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’-এর মালিকানাধীন। উল্লেখ্য, এই কোম্পানিটি আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোর কড়া পাহারার মধ্যেও চীনা এই ট্যাংকারটি কীভাবে বা কার সহায়তায় প্রণালিটি পার হলো, তা নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
শিপ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মাঝারি আকারের এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল ‘মিথানল’ নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছিল। অবরোধ চলাকালীন সময়ে এটিই প্রথম কোনো জ্বালানি বা রাসায়নিকবাহী ট্যাংকার যা সফলভাবে সমুদ্রপথটি পাড়ি দিতে সক্ষম হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তজনা বিশ্ব বাণিজ্যে স্থবিরতা নামিয়ে এনেছে। বিশেষ করে মার্কিন নৌবাহিনী যখন হরমুজ প্রণালিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন চীনের এই ‘সাহসী’ পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বড় ধরণের চপেটাঘাত হিসেবে গণ্য হতে পারে। এই ঘটনা প্রমাণ করে যে, চীনের সাথে সম্পর্কিত বা বেইজিং সমর্থিত জাহাজগুলোর ক্ষেত্রে অবরোধ কাজ করছে না।
সূত্র: মিডল ইস্ট আই ও রয়টার্স।