আল-আকসায় পুনরায় ইসরায়েলি অনুপ্রবেশ 

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পুলিশি পাহারায় পুনরায় অনুপ্রবেশ করেছে কয়েক ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী। ইরান যুদ্ধের কারণে দীর্ঘ ৪০ দিন বন্ধ থাকার পর গত সপ্তাহে মসজিদটি মুসলিমদের জন্য খুলে দেওয়া হলেও, ইসরায়েলিদের এই অনুপ্রবেশ নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ঘটনার বিষয়ে তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’।

জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন কট্টরপন্থী ইসরায়েলি বসতিস্থাপনকারী কড়া পুলিশি পাহারায় ‘ডোম অব দ্য রক’-এর কাছে গিয়ে উসকানিমূলক ‘তালমুদিক’ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে। ফিলিস্তিনি মুসল্লিরা এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানালেও ইসরায়েলি পুলিশ তাদের পাহারায় নিয়োজিত ছিল।

ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের কারণে দীর্ঘ ৪০ দিন আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশাধিকার সীমিত ছিল। গত সপ্তাহে এটি মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হলে ফিলিস্তিনিরা সেখানে নিয়মিত নামাজ আদায় শুরু করেন। তবে একই সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ বসতিস্থাপনকারীদেরও প্রবেশের অনুমতি দেওয়া শুরু করায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।

উল্লেখ্য, গত রোববার ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভীর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ করেন। সে সময় তিনি ইহুদি উপাসনাকারীদের জন্য সেখানে আরও বেশি প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানান। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বেন-গভীর অন্তত ১৫ বার এই পবিত্র স্থানে বিতর্কিতভাবে প্রবেশ করেছেন।

ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই স্থানটির প্রশাসনিক তদারকির দায়িত্ব জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত থাকলেও ইসরায়েল প্রতিনিয়ত সেখানে হস্তক্ষেপ করে আসছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। সূত্র: আরব নিউজ