খুব দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ডোনাল্ড ট্রাম্প

ইরানের বিরুদ্ধে শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধের বর্তমান পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে এবং খুব দ্রুতই এর পরিসমাপ্তি ঘটা উচিত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাসে আয়োজিত এক অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের কথা পুনরায় স্মরণ করিয়ে দেন। তিনি দাবি করেন, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক সামরিক সক্ষমতা আমেরিকার হাতে রয়েছে। তাঁর মতে, এই শক্তির চাপেই ইরান আলোচনার পথে আসতে বাধ্য হচ্ছে।

এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি শান্তি আলোচনা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে সম্ভবত আগামী সপ্তাহান্তেই এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।’ কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকটি সফল হলে মধ্যপ্রাচ্যে বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা কাটেনি। তেহরান অভিযোগ করেছে যে, যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী তাদের হামলা অব্যাহত রেখেছে। 

অন্যদিকে, যুদ্ধের আবহে ইরান তাদের বিধ্বংসী ড্রোনের উৎপাদন ১০ গুণ বাড়িয়েছে বলে খবর পাওয়া গেছে, যা পেন্টাগনের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।