হরমুজ প্রণালি আবারও নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই কৌশলগত জলপথটি এখন থেকে আবারও "পূর্বের অবস্থায়" ফিরে যাবে, যেখানে সশস্ত্র বাহিনী কঠোরভাবে যাতায়াত নিয়ন্ত্রণ করবে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, হরমুজ প্রণালিতে পুনরায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে।
এর আগে কিছু বাণিজ্যিক জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করতে দেখা গেলেও, নতুন এই ঘোষণার পর সেখানে নৌ-চলাচল কতটা স্বাভাবিক থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্রকে "জলদস্যুতার" দায়ে অভিযুক্ত করেছে। তারা দাবি করেছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোতে যে অবরোধ আরোপ করেছে তা মূলত এক ধরনের "সামুদ্রিক ডাকাতি"।
ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, যুক্তরাষ্ট্র যদি তাদের বন্দরে অবরোধ অব্যাহত রাখে, তবে তারা পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেবে। সূত্র: বিবিসি