ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোবাগোতে একটি কবরস্থান থেকে ৫০টি শিশুসহ মোট ৫৬টি মরদেহ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানী পোর্ট অব স্পেন থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে কুমুতো এলাকার একটি কবরস্থানে এই গণকবরের সন্ধান পাওয়া যায়।
ত্রিনিদাদ ও টোবাগো পুলিশ সার্ভিস জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ৫০টি শিশু, চারজন পুরুষ এবং দুজন নারী রয়েছে। প্রাপ্তবয়স্কদের মরদেহে মর্গে ব্যবহৃত শনাক্তকরণ ট্যাগ এবং ময়নাতদন্তের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এগুলো কোনো হাসপাতাল বা মর্গ থেকে ‘দাবিহীন’ হিসেবে অবৈধভাবে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে কেন এত বিপুল সংখ্যক শিশুর মরদেহ সেখানে স্তূপ করা হলো, তা নিয়ে গভীর রহস্য তৈরি হয়েছে।
পুলিশ কমিশনার অ্যালিস্টার গুয়েভারো এই ঘটনাকে ‘অত্যন্ত উদ্বেগজনক এবং হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘মরদেহগুলোকে মর্যাদা ও আইন মেনে সৎকার করা বাধ্যতামূলক। যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই চরম অবহেলা বা অপরাধের সাথে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ বর্তমানে মরদেহগুলোর ডিএনএ পরীক্ষা এবং উৎস অনুসন্ধানে ফরেনসিক তদন্ত চলছে।
ক্যারিবীয় এই দেশটি সাম্প্রতিক বছরগুলোতে ভয়াবহ গ্যাং সহিংসতা ও অপরাধের কবলে রয়েছে। ২০২৪ সালে দেশটিতে রেকর্ড ৬২৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে চলতি বছরের জানুয়ারিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে ত্রিনিদাদ ও টোবাগোকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সূত্র: ডিডাব্লিউ