সংলাপের পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সমঝোতার বিষয়ে তেহরান ইতিবাচক থাকলেও প্রকৃত আলোচনার পথে ৩টি প্রধান বাধার কথা তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাঁর পোস্টে উল্লেখ করেন যে, ইরান সবসময়ই সংলাপকে স্বাগত জানিয়েছে। তবে তিনি অভিযোগ করে বলেন, 'প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই হলো প্রকৃত আলোচনার প্রধান বাধা।' মূলত যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি আরও লিখেছেন যে, 'বিশ্বের মানুষ এখন পশ্চিমাদের অন্তহীন কপটতা এবং তাদের কথা ও কাজের মধ্যকার বৈপরীত্য স্পষ্ট দেখতে পাচ্ছে।'

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হবে যখন নৌ-অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করা বন্ধ হবে এবং ইসরায়েলের (জায়নবাদী) সব ফ্রন্টের যুদ্ধংদেহী মনোভাবের অবসান ঘটবে।

স্পিকার গালিবাফ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে যেভাবে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করা হচ্ছে, সেই পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।