কোনো হুমকিতেই ভয় পাবে না ইরান: গালিবাফ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম

কোনো হুমকিতেই ইরান ভয় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ইরানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা হলে শত্রুপক্ষের কল্পনারও বাইরে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, সর্বাত্মক যুদ্ধ কিংবা হত্যার হুমকি দিয়েও ইরানি জনগণকে তাদের অধিকার ও স্বার্থ থেকে পিছু হটানো যাবে না।

ইরানের পার্লামেন্টের অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, দেশটির ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা শত্রুপক্ষ কল্পনাও করতে পারবে না। যুদ্ধ কিংবা হত্যার হুমকি ইরানকে তার অবস্থান থেকে সরাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে গালিবাফ বলেন, ভুল হিসাব-নিকাশ এবং বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র নিজেই সংকটের গভীরে আটকে পড়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব এখন যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায় বলে দাবি করেন তিনি।

গালিবাফের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রকে আগে তার আচরণ পরিবর্তন করতে হবে, অন্যকে ভয় দেখানো ও অন্যের সম্পদ কুক্ষিগত করার নীতি পরিত্যাগ করতে হবে। পাশাপাশি আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে বাস্তব ও বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। এসব পরিবর্তন না এলে ইসলামি প্রজাতন্ত্রের কাছে যুক্তরাষ্ট্রের কোনো দাবিরই বিশ্বাসযোগ্যতা থাকবে না বলে মন্তব্য করেন তিনি। সূত্র: ডন

এএস
আরও পড়ুন