মাইক্রোসফটের বিরুদ্ধে ২.৩ বিলিয়ন ডলারের মামলা

যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার (১ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দাবিতে একটি ক্লাস অ্যাকশন মামলা করা হয়েছে।

 

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি তার প্রভাবশালী অবস্থান ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছে।

 

ডিজিটাল মার্কেটস রেগুলেশন বিশেষজ্ঞ মারিয়া লুইসা স্টাসি প্রায় ৫৯ হাজার ব্রিটিশ ব্যবসা ও প্রতিষ্ঠানের পক্ষে এ মামলা করেছেন।

 

মামলার অভিযোগে বলা হয়েছে, মাইক্রোসফট তাদের উইন্ডোজ সার্ভার সফটওয়্যার প্রতিদ্বন্দ্বী ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত চার্জ করেছে।

 

স্টাসি বলেন, ‘বছরের পর বছর মাইক্রোসফটের এসব কার্যক্রম সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানের ওপর বাস্তব আর্থিক প্রভাব ফেলেছে।’

 

যুক্তরাজ্যের প্রতিযোগিতা আপিল ট্রাইব্যুনাল মঙ্গলবার মামলাটি বিচার প্রক্রিয়ায় নেয়ার অনুমতি দিয়েছে এবং জানিয়েছে, এতে ‘যৌক্তিকভাবে সফল হওয়ার সম্ভাবনা’ রয়েছে।

 

বিচারকদের মতে, অভিযোগে বলা হয়েছে মাইক্রোসফট পেইড সার্ভার অপারেটিং সিস্টেম বাজারে তার আধিপত্য ব্যবহার করে ক্লাউড সেবার বাজারে প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করেছে।

 

মামলা সফল হলে ক্ষতিপূরণ ১ দশমিক ৭ থেকে ২ দশমিক ১ বিলিয়ন পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে বলে দাবি করা হয়েছে।

 

মাইক্রোসফট জানিয়েছে, তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে এবং অভিযোগগুলোরও বিরোধিতা করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আদালতের এই সিদ্ধান্ত চূড়ান্ত নয়।

 

এদিকে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থাগুলোও ক্লাউড বাজারে মাইক্রোসফটের সফটওয়্যার লাইসেন্সিং কার্যক্রম নিয়ে তদন্ত করছে। সূত্র: বাসস