গোপন তথ্য ফাঁস করায় মার্কিন সেনার বিরুদ্ধে মামলা

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরার জন্য পরিচালিত গোপন সামরিক অভিযানের তথ্য ফাঁস এবং সেই তথ্য ব্যবহার করে অনলাইনে বাজি ধরার অভিযোগে এক মার্কিন সেনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ওই সেনাসদস্যের নাম গ্যানন ক্যান ভ্যান ডেইক (৩৮)। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মার্কিন বিচার বিভাগ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ভ্যান ডেইক মাদুরোকে ধরার জন্য কারাকাসে পরিচালিত ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’-এর পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তিনি সেই গোপন তথ্য ব্যবহার করে একটি অনলাইন প্রেডিকশন প্ল্যাটফর্মে বাজি ধরেন যে, জানুয়ারির মধ্যেই মাদুরো ক্ষমতাচ্যুত হবেন। এই অনৈতিক বাজি থেকে তিনি ৪ লাখ মার্কিন ডলারের (প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা) বেশি আয় করেন।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে। পরে তাদের মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য নিউইয়র্কে নিয়ে আসা হয়।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেন, ‘সেনাসদস্যদের ওপর অর্পিত দায়িত্বের অংশ হিসেবে তাদের কাছে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য গচ্ছিত রাখা হয়। ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে সেই তথ্যের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ।’

ভ্যান ডেইকের বিরুদ্ধে জালিয়াতি, অবৈধ আর্থিক লেনদেন এবং কমোডিটি এক্সচেঞ্জ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সব কটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ৫০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গগত, চলতি বছর একই ধরনের আরেকটি ঘটনায় ইরানে মার্কিন হামলার পূর্বাভাস দিয়ে বাজি ধরে ১২ লাখ ডলার লাভের অভিযোগ উঠেছিল। তবে ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভ্যান ডেইকের এই মামলাটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে তথ্যের গোপনীয়তা ও নৈতিকতা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।

সূত্র: এএফপি