ইরানের সঙ্গে যুদ্ধবিরতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকালে তাঁরা ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন, যা বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতেই পৌঁছানোর কথা রয়েছে।
গতকাল শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র ক্যারোলিন লিভিট। ব্রিফিংয়ে লিভিট দাবি করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বীতিয় দফা সংলাপের ক্ষেত্রে যে অচলাবস্থা শুরু হয়েছে, তা থেকে উত্তরণের ‘কিছু সম্ভাবনা’ দেখতে পাচ্চে ট্রাম্প প্রশাসন। এই ‘সম্ভাবনা’ নিয়ে আলেচনা করতেই কুশনার ও উইটকফ ইসলাবাদ যাচ্ছে বলে জানান তিনি।
'ইরানিদের বক্তব্য, দাবি-দাওয়া সম্পর্কে জানতে স্টিভ (উইটকফ) এবং জ্যারেড (কুশনার) আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন। আমরা আশা করছি, এই সফর থেকে আমরা ইতিবাচক ফলাফল পাবো', শুক্রবারের ব্রিফিংয়ে বলেন লিভিট।
উল্লেখ্য, শুক্রবার এক সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইসলামাবাদে অবতরণের পর তিনি সোজা সেরেনা হোটেলে গিয়েছেন এবং সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন।
সৈয়দ আরাগচি ইসলামাবাদে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই বলেছেন, সৈয়দ আরাগচি সরকারি সফরে ইসলামাবাদ গিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারি সংলাপে বসার কোনো পরিকল্পনা ইরানের নেই। সূত্র: রয়টার্স