মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে ওমান সফর শেষে পুনরায় পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (২৬ এপ্রিল) বিকেলে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করেন।
বিমানঘাঁটিতে অবতরণের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ (IRNA) জানিয়েছে, এই সফরে আরাঘচি পাকিস্তানি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও চলমান সংঘাত নিরসনে আরেক দফা গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, আরাঘচি ওমানের রাজধানী মাস্কাট থেকে সরাসরি ইসলামাবাদে এসেছেন। পাকিস্তানে সংক্ষিপ্ত যাত্রাবিরতি এবং আলোচনা শেষে তার পরবর্তী গন্তব্য হবে রাশিয়ার রাজধানী মস্কো। মূলত যুদ্ধবিরতি এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করতেই তাঁর এই ঝটিকা সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের শুরু থেকেই পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের চেষ্টা করে আসছে। আরাঘচির এই দ্বিতীয় দফার পাকিস্তান সফর ইঙ্গিত দিচ্ছে যে, পর্দার আড়ালে কোনো বড় ধরণের সমঝোতার চেষ্টা চলছে। তবে আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে এখনো পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
উল্লেখ্য, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত বিমানটি তেহরান থেকে উড্ডয়ন করে ওমান হয়ে পাকিস্তানে পৌঁছেছে। তার এই সফর ঘিরে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মহলে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। সূত্র: সিএনএন